সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
ছাতকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ডা. এমরানুল বাশার অপুকে স্মরণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সচেতন ছাতকবাসী। শুক্রবার (৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২ টায় তাহির প্লাজার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেল, ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় পাল,মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলান উদ্দিন, সমাজসেবী লাল মিয়া, দিলবর আলী,হুমায়ুন আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৭ নভেম্বর ছাতক শহরের রওশন কমপ্লেক্সের সামনে একটি বেপরোয়া গতির সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন ডা. এমরানুল বাশার অপু। পরে সিলেটের আল হারামাইন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর তার মৃত্যু হয়। এই অকাল মৃত্যু ছাতকবাসীকে গভীরভাবে শোকাহত ও মর্মাহত করেছে।
মানববন্ধনে বক্তারা ছাতক শহরে যানবাহনের বিশৃঙ্খল চলাচল, অনিয়ন্ত্রিত স্ট্যান্ড, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা ও পৌরসভার অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা ছাতক সদর হাসপাতালে স্থায়ী আবাসিক মেডিক্যাল অফিসার (RMO) নিয়োগ, যান চলাচলে ট্রাফিক পুলিশের কঠোর নজরদারি, নির্ধারিত স্থানে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড স্থানান্তর এবং অনুমোদনহীন যানবাহন পৌর এলাকায় চলাচলে নিষেধাজ্ঞা জারির দাবি জানান।
তারা বলেন, ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনায় কোনো প্রাণ ঝরে না যায়—সেজন্য প্রশাসন, পৌর কর্তৃপক্ষ এবং সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে।
NEWS Editor