ষ্ট্যাফ রিপোর্টার,কিশোরগঞ্জ
জেলায় অপরাধ দমন কার্যক্রম জোরদার এবং বিচারিক প্রক্রিয়াকে আরও কার্যকর করতে কিশোরগঞ্জে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬ খ্রি.) কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ বিল্লাল হোসাইন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
সভায় জেলার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারগণ, ১৩টি থানার দায়িত্বপ্রাপ্ত সার্কেল অফিসার (সার্কেল এসপি) এবং থানার অফিসার ইনচার্জগণ (ওসি) অংশগ্রহণ করেন।
সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্তে বিদ্যমান প্রতিবন্ধকতা, বিচারিক কার্যক্রমে শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে তথ্য আদান–প্রদান ও সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ নিয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে এবং জনগণের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা দৃঢ় হবে।
সভা শেষে সবাই একযোগে আইনসম্মত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
NEWS Editor