আল মামুন তালুকদার
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া-৬ (সদর) আসনের বহুল আলোচিত উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল করিম বাদশা বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি মোট ৭৬ হাজার ৩১১ ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করেন।
নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। তবে নির্বাচন পূর্ব ও ভোট চলাকালে বিভিন্ন পক্ষ থেকে কিছু অভিযোগ উঠলেও শেষ পর্যন্ত প্রধান প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এটি জনগণের বিজয়। আমি বগুড়ার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাব।”
অন্যদিকে, পরাজিত প্রার্থী আবিদুর রহমান সোহেল জানান, নির্বাচন নিয়ে তার দলের আনুষ্ঠানিক অবস্থান পরবর্তীতে জানানো হবে।
NEWS Editor