রাসেল আহমেদ,তেরখাদা প্রতিনিধি:
তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের ৩ নম্বর
ওয়ার্ডের ভূজনিয়া–বরইতলা খাল দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পানিপ্রবাহে
মারাত্মক বাধা সৃষ্টি করছিল। এতে স্থানীয় জনজীবন ও কৃষি ব্যবস্থায় দেখা দেয়
চরম দুর্ভোগ। সেচ সংকট, খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়া এবং মশার
উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ভোগান্তিতে পড়েন এলাকাবাসী।
এমন পরিস্থিতিতে খালটি পুনরুদ্ধারে উদ্যোগ নেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম
আহ্বায়ক এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মিল্টন হোসেন মুন্সি। খুলনা-৪
আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের নির্দেশনায় তিনি স্থানীয়দের সঙ্গে
নিয়ে খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেন।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে ভূজনিয়া–বরইতলা খালে কচুরিপানা অপসারণের কাজ শুরু
হয়। এতে স্থানীয় বাসিন্দা, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে
অংশগ্রহণ করেন। ফলে পুরো এলাকায় সৃষ্টি হয় এক ধরনের উৎসবমুখর পরিবেশ।
এ সময় সরাসরি মাঠে নেমে কচুরিপানা অপসারণে শ্রম দিতে দেখা যায় বিএনপি নেতা
মিল্টন মুন্সিকে। স্থানীয়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি খাল পরিষ্কারের কাজে
অংশ নেন, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মো. মিল্টন হোসেন মুন্সি বলেন, “ভূজনিয়া–বরইতলা খালটি দীর্ঘদিন ধরে কচুরিপানায়
ভরাট হয়ে মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের অভিভাবক এমপি হেলাল
ভাইয়ের নির্দেশনায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া
হয়েছে। কিছু নাস্তার ব্যবস্থাও করা হয়েছে এবং আমি নিজেও শ্রম দিয়েছি।
ইনশাআল্লাহ ভবিষ্যতেও এলাকার মানুষের জন্য এ ধরনের কাজ অব্যাহত থাকবে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরাট থাকায় কৃষকের সেচ
ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে মশার
উপদ্রবসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছিল। খাল পরিষ্কারের এই উদ্যোগে তারা স্বস্তি
প্রকাশ করেন।
এলাকাবাসীর মতে, এ ধরনের স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ নিয়মিতভাবে চলমান থাকলে
খালের স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে এবং কৃষি উৎপাদনসহ জনজীবনে
ইতিবাচক পরিবর্তন আসবে।
NEWS Editor