মোঃ রুহুল আমিন রাসেল
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল সোহরাব আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দুপুরে নিজ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলহাজ্ব আব্দুল সোহরাব জানান, তিনি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। এক সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এবং দলটির রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তবে সাম্প্রতিক সময়ে দলীয় বিভিন্ন কার্যক্রম, এবং ব্যক্তিগত কারণ বিবেচনায় তিনি আওয়ামী লীগ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তিনি বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে রাজনীতি করেছি। দল পরিবর্তন হলেও আমার লক্ষ্য একটাই—এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করা।”
এ সময় তিনি তার রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে যারা তাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি ভবিষ্যতেও দলমত নির্বিশেষে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব আব্দুল সোহরাব সাপ্টিবাড়ি ইউনিয়নের একজন সুপরিচিত মুখ এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন।
তার এই পদত্যাগের ঘোষণায় আদিতমারী উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, তার এ সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
তবে তিনি তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে এখনো সুস্পষ্ট কোনো ঘোষণা দেননি।
NEWS Editor