মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভাঙচুর করে রেখে যায়। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে মন্দিরে গিয়ে ভাঙচুরের চিত্র দেখতে পেয়ে এলাকাবাসী হতবাক হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ সোহেল রানা। এ সময় তারা স্থানীয়দের অভিযোগ শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে মন্দিরে ঢুকে কিছু না পেয়ে দুর্বৃত্তরা এ ভাঙচুর চালিয়ে থাকতে পারে। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মী রাকেশ রায়। তিনি বলেন, “ধর্মীয় উপাসনালয়ে এমন হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।”
স্থানীয় এলাকাবাসী ও ধর্মীয় নেতারা অভিযোগ করে বলেন, এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
NEWS Editor