ঢাকা | বঙ্গাব্দ
.

সালথায় বিশেষ অভিযান: সাড়ে তিন লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতিকর জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের কুষ্টিয়ার চকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার জামান সাবু ও সালথা থানা পুলিশের একটি দল। আটঘরের কুষ্টিয়ার চক, এলাকা ঘিরে চলে এই অভিযান।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানে প্রায় ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ইউএনও (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার বলেন, “চায়না দুয়ারি জালের ফাঁস খুবই সূক্ষ্ম, যা মাছের পোনা থেকে শুরু করে সকল জলজ প্রাণী নিধনে সহায়ক। এটি একপ্রকার নিষ্ঠুর নিধনযন্ত্র যা দেশের জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।"

তিনি আরও জানান, “অভিযানের সময় একজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান শেষে স্থানীয় জনসাধারণের সামনে জব্দকৃত সব জাল ধ্বংস করে প্রশাসন একটি স্পষ্ট বার্তা দিয়েছে—দেশীয় মাছ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কোনো অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাছের প্রজনন মৌসুমে জলাশয় ও নদনদীতে অবৈধ জাল ব্যবহার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এই উদ্যোগ স্থানীয় মৎস্যজীবীদের সচেতন করতে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স