প্রিন্ট এর তারিখঃ May 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
ঐক্যের রাজনীতিতে এলডিপির ত্যাগ: ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন

মোঃ আব্দুর রহমান হেলাল
ভোলা জেলা প্রতিনিধি :
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) সংসদীয় আসনে ১০ দলীয় জোটের রাজনৈতিক ঐক্য ও সমঝোতা আরও দৃশ্যমান হয়েছে। জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের মনোনীত প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরীকে নির্বাচন থেকে প্রত্যাহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সংবাদ সম্মেলনে মোকফার উদ্দিন চৌধুরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলা জেলা এলডিপির সভাপতি মোঃ বশির আহমেদ। তিনি বলেন, ভোলা-২ আসনে ১০ দলীয় জোটের ঐক্য, পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের স্বার্থে এলডিপির প্রার্থী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে মোকফার উদ্দিন চৌধুরী জামায়াত প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের প্রতি তার রাজনৈতিক শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেছেন। পাশাপাশি মাওলানা মুফতি ফজলুল করিমের মায়ের ইন্তেকালে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
নিজ বক্তব্যে মোকফার উদ্দিন চৌধুরী বলেন, “ভোলা-২ আসনে মাওলানা মুফতি ফজলুল করিম দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা আমাকে অনুপ্রাণিত করেছে। জোটের ঐক্য অটুট রাখতে ব্যক্তিগত সিদ্ধান্তে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে টেকসই পরিবর্তন আনতে হলে ত্যাগ, সমঝোতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য। ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।”
এলডিপি প্রার্থীর এই সিদ্ধান্তকে রাজনৈতিক দূরদর্শিতা ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ বলেন, এই সমর্থনের ফলে ভোলা-২ আসনে জোটের অবস্থান আরও শক্তিশালী হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভোলা জেলা এলডিপির সহ-সভাপতি মোঃ সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬