প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
মানিকছড়িতে শিশু শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছরের এক শিশু কন্যাকে ধ/র্ষণ চেষ্টার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল উপজেলা সদরের গুচ্ছগ্রাম (জিয়ানগর) এলাকা থেকে তাকে গ্রে/প্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার জিয়ানগর এলাকায় ৩ বছর বয়সী এক শিশু প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বিরের বাড়ির উঠানে খেলতে যায়। অভিযোগ রয়েছে, সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর ছলে শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। টানা ২৪ ঘণ্টা নিরলস প্রচেষ্টার পর আজ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাব্বিরকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬