প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
সাভার আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় অবৈধ জুস তৈরির কারখানার সন্ধান, এলাকাবাসীর উদ্বেগ

মোঃ রেজাউল করিম স্টাফ রিপোর্টার
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া এলাকার পূর্ব বাড়ইপাড়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে জুস তৈরির একটি কারখানা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, স্বাস্থ্যবিধি ও প্রশাসনের অনুমতি ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এসব জুস তৈরি করে বাজার জাত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বাড়ইপাড়া এলাকার একটি গোডাউনের ভেতরে গোপনে এই জুস তৈরির কার্যক্রম চালানো হচ্ছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে বিভিন্ন ধরনের ফলের জুস ও পানীয় তৈরি করা হয়। অভিযোগ রয়েছে, এসব জুস তৈরিতে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং উৎপাদনের সময় কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, কারখানাটিতে ব্যবহৃত পানি ও কাঁচামালের মান নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন। অপরিচ্ছন্ন পরিবেশে জুস প্রস্তুত করা হচ্ছে এবং তা বিভিন্ন দোকান ও হাট-বাজারে সরবরাহ করা হচ্ছে। ফলে অজান্তেই ভেজাল ও অস্বাস্থ্যকর পানীয় পান করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কারখানাটি থেকে প্রায়ই দুর্গন্ধ বের হয় এবং আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকে। এতে করে পরিবেশ দূষণের পাশা পাশি এলাকায় রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলছেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে অবৈধভাবে পরিচালিত এসব কারখানার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের নজরদারি জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন মহল। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬