প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 11, 2026 ইং
দিনে-দুপুরে দুর্ধর্ষ ডাকাতি, মির্জাপুরে লুট প্রায় কোটি টাকার মালামাল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মোঃ মোয়াজ্জেম হোসেন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা এলাকায় দিনে-দুপুরে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সংঘটিত এ ঘটনায় ৪–৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল আলতাফ হোসেনের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ির পুরুষ সদস্যরা বাইরে থাকায় সুযোগ নেয় ডাকাত দলটি। এ সময় তারা বাড়িতে প্রবেশ করে এবং ঘরের ভেতরে অবস্থান নেয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য আলতাফ হোসেনের পুত্রবধূ জানান, তিনি বাড়ির বাইরে রান্না করছিলেন। ফ্রিজ থেকে মাছ আনতে ঘরে ঢুকতেই হঠাৎ দেখতে পান কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘরের ভেতরে বসে আছে। তিনি দরজার কাছে পৌঁছালে ডাকাতরা তাকে লাঠি দিয়ে মাথা ও হাতে আঘাত করে। পরে তাকে একটি কক্ষে আটকে রেখে আলমারি ও ওয়ারড্রবের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।
এ বিষয়ে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি খতিয়ে দেখছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল এ ওয়ান লিমিটেড ২০২৬