
চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের পশ্চিম পাড়া (হিন্দুপাড়া) গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছে মৃত সোলেমান আলীর পরিবার। সোমবার রাত ১টার দিকে ওই কৃষকের বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে ৫টি ঘর ভস্মীভূত করে দেয়। আগুনে পুড়ে মারা গেছে পরিবারের ৭টি ছাগল, ২টি গরু এবং ২৫টি মুরগি। এছাড়া ঘরে মজুদ করা বিপুল পরিমাণ রসুনসহ মূল্যবান কৃষিপণ্য ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সোলেমানের পরিবার সবকিছু হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে। সব হারিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্যদের কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। এই অপূরণীয় ক্ষতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।