
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম সংগ্রহ করেছেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের দুই প্রভাবশালী নেত্রী। তারা হলেন— খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান এবং জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সিরাজ সিমা।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা এই আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান করেন। তৃণমূল রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই দুই নেত্রী খাগড়াছড়ির পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর অধিকার আদায়ে রাজপথে ভূমিকা রেখে চলেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহ প্রসঙ্গে কুহেলি দেওয়ান জানান, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও পাহাড়ের নারী সমাজের উন্নয়নে তিনি কাজ করে যেতে চান। অন্যদিকে, তাসলিমা সিরাজ সিমা বলেন, দলের দুঃসময়ে মাঠে থেকে কাজ করেছি, দল মূল্যায়ন করলে সংরক্ষিত আসনে নারী সমাজের কণ্ঠস্বর হিসেবে নিজেকে নিয়োজিত রাখব। এই দুই নেত্রীর মনোনয়ন ফরম সংগ্রহের খবরে খাগড়াছড়ি জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এখন দলের হাইকমান্ড কাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন, সেদিকেই তাকিয়ে আছেন জেলাবাসী।