মোঃ এমরুল ইসলাম
মনোহরদী(নরসিংদী)প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মনোহরদী থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই শাহিনুর ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখের বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বড়চাঁপা ইউনিয়নের চন্ডীতলা গ্রামের জুয়েল রানার বাড়িতে মাদক বিক্রির তথ্য পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত জুয়েল রানা (৩৫) পালিয়ে যায়।
এ সময় তার স্ত্রী অপু (৩০)-কে আটক করা হয়। পরে নারী পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার দেহ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত অপুকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক জুয়েল রানাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
NEWS Editor