মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং সীমান্ত দিয়ে পাচার রোধে বিজিবি, র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে তেলের বাজারে অস্থিরতার সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ মজুদ ও পাচারের চেষ্টা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল ২০২৬) জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিকেল আনুমানিক ৩টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসিম হাসানের নেতৃত্বে বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা জেলা সদরের চৌধুরী বাজার, নবীগঞ্জের শাপলা ফিলিং স্টেশনসহ বিভিন্ন বাজার ও গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে ফিলিং স্টেশন ও ডিলারদের ওপর কঠোর নজরদারি জোরদার করা হয়। ৫৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে।
এদিকে হবিগঞ্জের প্রায় ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ট্রাক, পিকআপ ও তেলের ড্রাম বহনকারী সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
বিশেষ করে চুনারুঘাটের চিমটিবিল বিওপি এলাকা, মাধবপুর ও বাল্লা এলাকা, বাল্লা আইসিপিসহ সীমান্ত সংলগ্ন বিভিন্ন পয়েন্টে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
পাচারকারী চক্র ও সম্ভাব্য রুট শনাক্তে বিজিবির গোয়েন্দা নেটওয়ার্ক ২৪ ঘণ্টা সক্রিয় রাখা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা এবং ভোজ্য ও জ্বালানি তেল পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
NEWS Editor