ঢাকা | বঙ্গাব্দ
.

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে নিহত ১

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
মুন্সিগঞ্জে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। সোমবার ভোরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আরিফ মির (৩৫)। তিনি স্থানীয় বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী বলে জানা গেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁর চাচাতো ভাই ইমরানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল, জাহাঙ্গীর ও খাইরুদ্দিন গ্রুপের সঙ্গে নিহত আরিফ মিরের গ্রুপের বিরোধ চলছিল।

ভোরে আরিফ ও ইমরান ঘর থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন শাহ কামালের নেতৃত্বে অতর্কিতভাবে গুলি চালায়। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন বলেন, “দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। আরিফ ঘটনাস্থলেই মারা গেছেন, অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে।”

ঘটনার বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, “ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স