মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর এ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে তাকে সৈয়দপুর সেনানিবাসের সিএমএইচে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
তিনি জানান, দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিমান থেকে নেমে বিমানবন্দরের রেস্টরুমে বসে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন তিনি। এ সময় হঠাৎ মাথা ঘুরে অস্বস্তি ও অসুস্থতা অনুভব করেন।
পরে তাকে দ্রুত সৈয়দপুর সেনানিবাস সিএমএইচ এ নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আব্দুর গফুর সরকার আরও জানান, প্রথমে বেলা ১২টা ১০ মিনিটের বিমানে তাকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিমানে নেওয়া সম্ভব হয়নি। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছালে ত্রাণমন্ত্রীকে ঢাকায় নেওয়া হবে।
NEWS Editor