ঢাকা | বঙ্গাব্দ
.

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 12, 2026 ইং
ছবির ক্যাপশন:
ad728
কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম

সীমান্ত নিরাপত্তা জোরদার ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ধারাবাহিক অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চরচিলমারী সীমান্ত এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতি ও নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (১২ জানুয়ারি) কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন চরচিলমারী আতারপাড়া মাঠ দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের জন্য অবৈধ ও চোরাচালানকৃত বিদেশি অস্ত্র মজুত রাখা হয়েছে। তথ্যের সত্যতা যাচাই ও সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় তাৎক্ষণিকভাবে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে বিজিবির একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আতারপাড়া মাঠে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখা বস্তার ভেতর কালো কস্টেপ দিয়ে মোড়ানো ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি আরও জানায়, চলতি মাসের ১ জানুয়ারি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আরেকটি বিশেষ অভিযানে একইভাবে ২টি বিদেশি পিস্তল ও ৪টি ম্যাগাজিন জব্দ করা হয়েছিল, যা সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র পাচারের আশঙ্কাকে আরও স্পষ্ট করে তোলে।
উদ্ধারকৃত মালিকবিহীন অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ দৌলতপুর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : NEWS Editor

কমেন্ট বক্স